খেলনাদের চোখ দিয়ে গল্প বলার সুবিধা ছিল, অ্যান্ডির চেনা ঘরটাকেই সম্পূর্ণ ভিন্ন এক জগৎ হিসেবে দেখানো গেল। মানুষের কাছে বিছানা আর জানালা ঘরের সাধারণ অনুষঙ্গ। কয়েক ইঞ্চি লম্বা এক খেলনার কাছে সেই জানালা দিয়ে পড়ে যাওয়াই বড় বিপদ। আবার বাজের চকচকে প্লাস্টিক, উডির কাপড়ের পোশাক আর টান দিলেই কথা বলার দড়ি দেখেই বোঝা যায়, দুজন দুই সময়ের খেলনা। তাদের রেষারেষি শুরু হওয়ার আগেই চেহারায় সেই তফাত ধরা পড়ে।
উডির জন্য আটকে গিয়েছিল ছবির কাজ
পর্দায় উডিকে দেখে বোঝার উপায় নেই, এই চরিত্রের কারণেই একসময় ছবিটি থমকে গিয়েছিল। ১৯৯৩ সালের ১৯ নভেম্বর ডিজনির নির্বাহীদের সামনে স্টোরিবোর্ড দিয়ে সাজানো ছবির একটি খসড়া দেখায় পিক্সার। সেখানে উডি ছিল এতটাই রূঢ় যে তার প্রতি সহানুভূতি তৈরি হওয়ার সুযোগ কম। ঈর্ষার বশে সে বাজকে জানালা দিয়ে ছুড়ে ফেলে, অন্য খেলনাদের সঙ্গেও দুর্ব্যবহার করে। নির্বাহীদের কাছে ওই সংস্করণ গ্রহণযোগ্য হয়নি। চিত্রনাট্য বদলানোর জন্য নির্মাণকাজে বিরতি পড়ে। পিক্সারের নির্মাণ ইতিহাসে দিনটি পরিচিত হয়ে আছে ‘ব্ল্যাক ফ্রাইডে’ নামে।
ল্যাসেটার, অ্যান্ড্রু স্ট্যান্টন, পিট ডক্টার ও জো র্যানফট গল্পটি নিয়ে আবার বসেন। চূড়ান্ত ছবিতেও উডি ঈর্ষান্বিত হয়, বাজকে সরানোর ফন্দি আঁটে। তবে তার আচরণের পেছনে থাকে একটা বোঝার মতো ভয়, অ্যান্ডির কাছে নিজের জায়গাটা হারানোর ভয়। অন্যদিকে বাজের আত্মবিশ্বাসে ধাক্কা লাগে যখন সে বুঝতে পারে, সে কোনো মহাকাশ অভিযাত্রী নয়, দোকানে বিক্রি হওয়া বহু খেলনার একটি। অ্যান্ডির কাছে ফিরতে শেষ পর্যন্ত দুজনকেই একে অন্যের সাহায্য নিতে হয়।
উডির কণ্ঠে টম হ্যাঙ্কসের অস্থিরতা আর বাজের কণ্ঠে টিম অ্যালেনের গম্ভীর আত্মবিশ্বাস জুটিটির হাস্যরস তৈরি করে। বাজ যখন নিজের মহাকাশ অভিযানের কথা বলে, দর্শক জানেন সে ভুল করছে। টিম অ্যালেন সংলাপগুলো বলেন এমন দৃঢ় বিশ্বাস নিয়ে যে বাজের ভুলটা যেমন হাসায়, সত্যিটা জানার পর তার হতাশাও তেমনি বোঝা যায়। আর র্যান্ডি নিউম্যানের ‘ইউভ গট আ ফ্রেন্ড ইন মি’ গানটি প্রথমে মনে করিয়ে দেয় অ্যান্ডির সঙ্গে উডির সম্পর্কের কথা। গল্প এগোলে গানটি উডি আর বাজের বন্ধুত্বের সঙ্গেও মিলে যায়।
বক্স অফিস থেকে অস্কারের মঞ্চে
১৯৯৫ সালের ২২ নভেম্বর ছিল বুধবার। যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের আগের দিন ২ হাজার ৪৫৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘টয় স্টোরি’। শুক্র থেকে রোববার, প্রথম সপ্তাহান্তের তিন দিনে যুক্তরাষ্ট্র ও কানাডায় ছবিটি আয় করে প্রায় ২ কোটি ৯১ লাখ ডলার। একই সময়ে জেমস বন্ডের ‘গোল্ডেনআই’ আয় করেছিল প্রায় ১ কোটি ৮১ লাখ ডলার। মুক্তির দিন থেকে রোববার পর্যন্ত পাঁচ দিনের হিসাবে ‘টয় স্টোরি’র আয় দাঁড়ায় প্রায় ৩ কোটি ৯১ লাখ ডলার। পরের সপ্তাহান্তেও ছবিটি শীর্ষস্থান ধরে রাখে, আয় করে ২ কোটি ডলারের বেশি।
নভেম্বরের শেষ দিকে মুক্তি পাওয়ায় ছবিটির আয়ের একটি অংশ এসেছে পরের বছর। বক্স অফিস মোজোর হিসাবে, ১৯৯৫ সালের শেষ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘টয় স্টোরি’র আয় ছিল প্রায় ১৪ কোটি ৬২ লাখ ডলার। ওই পঞ্জিকাবর্ষের আয়ে ‘ব্যাটম্যান ফরএভার’ ও ‘অ্যাপোলো ১৩’-এর পর তৃতীয় স্থানে ছিল ছবিটি। তবে প্রথম দফার প্রদর্শনীর মোট আয় প্রায় ১৯ কোটি ১৮ লাখ ডলার। সেই হিসাবে ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে এই বাজারে সবচেয়ে বেশি আয় করেছিল ‘টয় স্টোরি’।
পিক্সারের প্রকাশিত ইতিহাসে ছবিটির বিশ্বব্যাপী আয় প্রায় ৩৬ কোটি ২০ লাখ ডলার।
১৯৯৬ সালের ৬৮তম অস্কারে ‘টয় স্টোরি’র তিনটি প্রতিযোগিতামূলক মনোনয়নের মধ্যে একটি ছিল মৌলিক চিত্রনাট্যে। কোনো অ্যানিমেশন ছবির জন্য সেটিই ছিল প্রথম চিত্রনাট্য মনোনয়ন। ছবিটির চিত্রনাট্য লিখেছিলেন জস হুইডন, অ্যান্ড্রু স্ট্যান্টন, জোয়েল কোহেন ও অ্যালেক সোকোলো। মূল গল্পের কৃতিত্ব জন ল্যাসেটার, পিট ডক্টার, স্ট্যান্টন ও জো র্যানফটের। সেই বছর মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জেতেন ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’-এর ক্রিস্টোফার ম্যাককোয়ারি।
অন্য দুটি মনোনয়ন এসেছিল র্যান্ডি নিউম্যানের হাত ধরে। ‘ইউভ গট আ ফ্রেন্ড ইন মি’ মনোনয়ন পায় মৌলিক গান বিভাগে। ছবির সংগীতের জন্য তিনি মনোনয়ন পান মিউজিক্যাল বা কমেডি ছবির মৌলিক সুর বিভাগেও। দুটি পুরস্কারই যায় ডিজনির আরেক অ্যানিমেশন ‘পোকাহন্টাস’-এর ঘরে। গান বিভাগে জেতে ‘কালারস অব দ্য উইন্ড’।


মন্তব্য লিখুন