তিন নাটকে তিন রকম
সাম্প্রতিক সময়ে জীমের আলোচনায় থাকার বড় কারণ তিনটি নাটক—‘বিষপাখি’, ‘পেট্রোল’ ও ‘আহা একি মায়া’। তিনটি নাটকের গল্প ও চরিত্রে রয়েছে ভিন্নতা। জীমের কাছেও প্রতিটি কাজের অভিজ্ঞতা আলাদা। ‘বিষপাখি নাটকে ভিকি জাহেদের পরিচালনায় কাজের অভিজ্ঞতা দারুণ। সাধারণ একটি মেয়ের চরিত্রে কাজ করতে গিয়েও আবেগের অনেকগুলো স্তর ভাঙতে হয়েছে। চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল।’ পেট্রোল নাটকে সহশিল্পী জোনায়েদ বোগদাদীর সঙ্গে তাঁর রসায়ন দর্শকের ভালো লাগার একটি কারণ বলে মনে করেন জীম। ‘আহা একি মায়া’য় আরশ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। রোমান্টিক ঘরানার এই নাটকে রয়েছে পারিবারিক আবহ ও আবেগের মিশেল।
তিনটি নাটক দর্শকের ভালো লাগার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জীম বলেন, ‘দর্শক এখন একঘেয়ে গল্প দেখতে চান না। তিনটি নাটকের গল্প একটির চেয়ে অন্যটি সম্পূর্ণ আলাদা। রোমান্স, ড্রামা থেকে সাইকোলজিক্যাল থ্রিলার—বিভিন্ন ধরনের গল্পে দর্শক নতুনত্ব পেয়েছেন। প্রতিটি চরিত্রে চেষ্টা করেছি যেন অতি অভিনয় না হয়। সাধারণ মানুষ যেন নিজের জীবনের সঙ্গে চরিত্রগুলো মেলাতে পারেন। চরিত্রের চেনা রূপ ও বাস্তবতাই দর্শকের মন ছুঁয়েছে বলে মনে করি।’
নতুনদের জন্য সুযোগ কম
অভিনয়জগতে নিজের জায়গা তৈরি করতে গিয়ে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছে। জীমের মতে, অনেক নির্মাতা ও প্রযোজক নতুন অভিনেতা–অভিনেত্রীদের নিয়ে ঝুঁকি নিতে চান না। ফলে শুরুতে একই ধরনের চরিত্রের প্রস্তাব বেশি আসে। অভিনয়দক্ষতা প্রমাণের জন্য বৈচিত্র্যময় ও শক্তিশালী চরিত্র পাওয়া নতুনদের জন্য বড় চ্যালেঞ্জ। জীম বলেন, ‘শুরুতে আমাকেও এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। নতুনদেরও প্রতিভা আছে। তাঁদের সুযোগ দেওয়া দরকার।’
নাট্যকলায় পড়াশোনা করছেন জীম। এই প্রাতিষ্ঠানিক শিক্ষা তাঁর অভিনয়কে আরও পরিণত করতে সাহায্য করছে বলে মনে করেন তিনি। একটি চরিত্রের মানসিক অবস্থা, সামাজিক পটভূমি ও আবেগ বিশ্লেষণ করতে নাট্যকলার পড়াশোনা কাজে লাগে। পাশাপাশি কণ্ঠস্বরের ওঠানামা, শুদ্ধ উচ্চারণ ও বাচনভঙ্গি নিয়েও প্রশিক্ষণ পেয়েছেন।
অভিনয়ে শরীরী ভাষার গুরুত্বও এই পড়াশোনার মাধ্যমে বুঝতে শিখেছেন। জীমের কথায়, ‘অভিনয়ে শুধু সংলাপ বললেই হয় না। চোখের ইশারা কিংবা শরীরের ছোট্ট কোনো অঙ্গভঙ্গির মাধ্যমেও অনুভূতি প্রকাশ করা যায়। কীভাবে অতিরঞ্জন না করে একটি চরিত্রের আবেগ ফুটিয়ে তুলতে হয়, নাট্যকলার পড়াশোনা আমাকে তা শিখিয়েছে। স্ক্রিপ্ট পড়ার পর এর ভেতরের মূল ভাবনা বুঝতেও সুবিধা হয়। পরিচালকের চাওয়া অনুযায়ী অভিনয় করতে এটি অনেক সাহায্য করে।’



মন্তব্য লিখুন