বলিউডের পর্দায় তাঁকে দেখলেই যেন বদলে যেত দৃশ্যের আবহ। রঙিন পোশাক, বিচিত্র চুলের সাজ, চোখধাঁধানো অভিব্যক্তি আর শরীরী ছন্দে দর্শককে মুগ্ধ করতেন তিনি। কখনো ‘মেরা নাম চিন চিন চু’, কখনো ‘পিয়া তু আব তো আজা’, আবার কখনো ‘ইয়ে মেরা দিল’; তাঁর নাচ মানেই ছিল বাড়তি আকর্ষণ। তিনি হেলেন। ভারতীয় সিনেমার ইতিহাসে যাঁর পরিচয় ‘ক্যাবারে কুইন’ হিসেবে।
২১ নভেম্বর হেলেনের জন্মদিন। ১৯৩৮ সালের এই দিনে ব্রিটিশ বার্মার রেঙ্গুনে জন্মেছিলেন হেলেন অ্যান রিচার্ডসন। দেখতে দেখতে ৮৮ বছরে পা দিলেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী। পর্দায় তাঁর জীবন ছিল ঝলমলে, কিন্তু বাস্তবের গল্প মোটেও তেমন ছিল না। শৈশবে যুদ্ধের ভয়াবহতা, দেশ ছেড়ে উদ্বাস্তু হওয়া, অর্থকষ্টে পড়াশোনা বন্ধ করা, সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া, ব্যক্তিজীবনে বিতর্ক—সবকিছু পেরিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি।
হেলেনের জীবন তাই কেবল একজন নৃত্যশিল্পীর সাফল্যের গল্প নয়; এটি প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজের জায়গা তৈরি করে নেওয়া এক নারীর গল্প।
যুদ্ধের পথ পেরিয়ে ভারতে
হেলেনের জন্মের সময় তাঁর পরিবার ছিল বার্মায় (মিয়ানমার)। বাবা জর্জ ডেসমিয়ার ছিলেন ইউরোপীয় বংশোদ্ভূত, মা মার্লিনের শিকড় ছিল বার্মা ও স্পেনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনী বার্মায় আক্রমণ চালালে তাঁদের জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। যুদ্ধে বাবাকে হারানোর পর মা ও ছোট ভাইকে নিয়ে ভারতে পালিয়ে আসতে হয় হেলেনকে।
তখন হেলেনের বয়স মাত্র তিন বছর। নিরাপদ আশ্রয়ের সন্ধানে পরিবারের সঙ্গে পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছিল তাঁকে। বার্মা থেকে ভারতের আসাম পৌঁছাতে তাঁদের প্রায় নয় মাস লেগেছিল। পথে অসুস্থতা, অনাহার, মৃত্যু—সবকিছুর মুখোমুখি হয়েছে পরিবারটি। তাঁদের সঙ্গে যাত্রা করা অনেকেই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারেননি।

মন্তব্য লিখুন